ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুবে যেতে যেতে হাত নাড়েন বৃদ্ধা, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১৫ এপ্রিল ২০২২
ডুবে যেতে যেতে হাত নাড়েন বৃদ্ধা, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
৯৯৯-এ কল পেয়ে ডুবে যেতে থাকা অজ্ঞাত বৃদ্ধাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বালুরটালে খালের পানিতে গলা পর্যন্ত ডুবে থাকা নাম-ঠিকানা বলতে না পারা এক বৃদ্ধাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি হাসপাতালেও ভর্তি হতে চাননি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার সকালে নগরীর চান্দগাঁও থানার ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বালুরটাল এলাকার খালের পানিতে গলা পর্যন্ত ডুবে ছিলেন ওই নারী। ৯৯৯-এ ফোন পাওয়ার পর তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, উদ্ধারের পর তাকে গোসল করানো হয়। আশপাশের লোকজন কেউ তাকে খালে পড়ে যেতে দেখেননি। খালে কালো পানি ও কাদায় ভর্তি। শুধু মাথা ওপরে ছিল। এলাকার দুয়েকজন বলেছেন, তারা শুরুতে গাছের গুঁড়ি মনে করেছিলেন।

তিনি আরো বলেন, হয়তো নড়াচড়া করতে গিয়ে যখন আরো তলিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হাত নাড়েন। হাত নাড়া দেখেই স্থানীয় এক ব্যক্তি আমাদের খবর দেয়। তখনো তিনি খাল থেকে তোলার জন্য চিৎকার বা কোনো শব্দ করেননি। শুধু হাত নেড়েছেন। তিনি কী খালে পড়ে গেছেন নাকি নিজেই নেমে গিয়েছিলেন তা বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, উদ্ধারের পর বারবার জিজ্ঞেস করলেও ঐ নারী নিজের নাম-ঠিকানা বলেননি। তবে হাসপাতালে ভর্তি করার সময় বলেছেন- ‘আমি ভর্তি হব না। আমাকে ছেড়ে দাও।’ এর বাইরে আর কিছুই তিনি বলেননি। আচরণে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। হয়তো দীর্ঘদিন কোথাও আবদ্ধ ছিলেন। সকালে ছাড়া পেয়ে ওই খালে চলে আসেন। তার পায়ে একটা আঘাতের চিহ্ন আছে। তবে সেটা থেকে রক্তক্ষরণ হয়নি। বেঁধে রাখার কারণে ওরকম হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় চশমা খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। এরপর আর তার খোঁজ মেলেনি। এর আগে, ৩০ জুন ষোলোশহরের চশমা হিল এলাকাতেও এমন দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগম। সবশেষ ২৮ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে ১৯ বছর বয়সী সাদিয়ার লাশ উদ্ধার হয়। ২০১৮ সালের ৯ জুন নগরীর আমিন জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় আল আমীন নামে ৭ বছরের এক শিশু।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!