ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা বা পুলিশের অনুমতি ছাড়াই কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আনন্দ মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশ আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই হঠাৎ করে ছাত্রদলের নেতাকর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে আনন্দ মিছিল বের করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
সাব্বিরুল আলম আরো জানান, যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ সদস্যরা ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল করতে নিষেধ করেন। কিন্তু তারা কোনো কথা না শুনে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ছাত্রদলের ৫ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।