মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৩১ বছর বয়সী রনি একই গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। আহত সোহেল তার বড় ভাই ও তৌকির তার ছোট ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ইছাপুরায় মধ্যরাতে স্থানীয় মামুন ওরফে হাতকাটা মামুনের সঙ্গে রনি মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রনি মোল্লা এবং তার দুই ভাই সোহেল ও তৌকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
.png)
গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৩টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোহেল ও তৌকির সেখানেই চিকিৎসাধীন।
রনির স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রনিকে কুপিয়ে হত্যা করেছে ২১ মামলার আসামি হাতকাটা মামুন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, রনির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত বলা সম্ভব হবে।