ব্রাহ্মণবাড়িয়ায় ধান তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টরে ধান তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক সবার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বেলা ৩টার দিকে ঐ উপজেলার আশুরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. নায়েব উল্লাহ একই উপজেলার শ্রীঘর গ্রামের শানু মিয়ার ছেলে।
জানা গেছে, জমি থেকে ধান কেটে ট্রাক্টরে তোলা নিয়ে শ্রীঘর গ্রামের ট্রাক্টরচালক জুনায়েদের সঙ্গে পাশের গ্রাম আশুরাইলের কৃষক জালালের কথা কাটাকাটি হয়। কৃষক চাইছিলেন বেশি ধান ট্রাক্টরে তুলতে, তবে চালক অতিরিক্ত বোঝাই করতে রাজি নন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। ঘটনার পর উভয় পক্ষ গ্রামে গিয়ে বিষয়টি জানালে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ঢিলের আঘাতে শ্রীঘর গ্রামের শানু মিয়ার ছেলে নায়েব উল্লাহ মারা যান ও অন্তত ২০ জন আহত হন।
.png)
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।