ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদযাত্রা: দ্বিতীয় দিনেই চট্টগ্রামে ট্রেনের শিডিউল বিপর্যয়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ২৮ এপ্রিল ২০২২
ঈদযাত্রা: দ্বিতীয় দিনেই চট্টগ্রামে ট্রেনের শিডিউল বিপর্যয়
ছবি: ডেইলি বাংলাদেশ

ট্রেনে ঈদযাত্রা শুরুর দ্বিতীয় দিন আজ। এদিন চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের শিডিউলে ঘটেছে বিপর্যয়। নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা। যদিও ট্রেন আসতে দেরি হওয়ায় এমনটি হয়েছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভোর থেকেই চট্টগ্রাম রেলস্টেশনে দেখা গেছে অগ্রিম টিকিট কাটা ঘুরমুখো যাত্রীদের ভিড়। পুলিশ তথ্য কেন্দ্রের পাশাপাশি তাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন স্কাউট সদস্যরা। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আনসার, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। স্টেশনে মাইকিং করে যাত্রীদের জানানো হচ্ছে ট্রেন শিডিউল ও বিভিন্ন সতর্কতামূলক তথ্য।

বিজয় এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিলন মাহমুদ। তিনি বলেন, শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেই টিকিট কেটে বাড়ি চলে যাচ্ছি। ভেবেছিলাম কোনো ঝামেলা ছাড়াই চলে যাবো। নির্ধারিত সময়ের আগে স্টেশনে চলে আসি। এখন দেখি ট্রেন আসেনি। আধাঘণ্টা ধরে বসে আছি। কী আর করার।

Advertisement

একই ট্রেনের অপেক্ষায় থাকা হাবিবুল ইসলাম বলেন, পরিবার নিয়ে আগেভাগেই বাড়ি চলে যাচ্ছি। ছোট বাচ্চাকাচ্চা নিয়ে সকাল থেকে বসে আছি। এখনো ট্রেনের কোনো দেখা নেই। এক তো রোজার দিন, তার ওপর প্রচণ্ড গরম। সব মিলিয়ে ভোগান্তি যাত্রীদেরই।

জানতে চাইলে চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, সকাল থেকে সবগুলো ট্রেনই ঠিক সময়ে ছেড়ে গেছে। শুধুমাত্র ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আসতে দেরি হওয়ায় সেটির ক্ষেত্রে কিছুটা সময় বিপর্যয় হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সবগুলো ট্রেন যাতে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারে।

তিনি আরো বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হয়েছে। টিকিট বিক্রির পরও প্রতি ট্রেনে কিছু আসন খালি ছিল। সেগুলো স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করেছি। যার ফলে কেউ অগ্রিম টিকিট না পেলেও স্টেশনে এসেই টিকিট কেটে ট্রেনের ওঠার সুযোগ পাচ্ছেন। যাত্রীদের কোনো ভোগান্তি হোক, তা আমরা চাই না। ফলে সবদিকে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে।

২৩ এপ্রিল থেকে শুরু হয় ঈদের আগাম টিকিট বিক্রি। মোট টিকিটের ৫০ শতাংশ কাউন্টারে ও বাকি ৫০ শতাংশ অনলাইনে সরবরাহ করা হয়।

১ মে থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। সেদিন ৫ মে’র টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। একইভাবে ২ তারিখে ৬ তারিখের, ৩ তারিখে ৭ তারিখের ও ৪ তারিখে ৮ তারিখের টিকিট সংগ্রহ করা যাবে। তবে ২, ৩ ও ৪ মে’র টিকিট বিক্রি হবে চাঁদ দেখা সাপেক্ষে।

এদিকে, ঈদযাত্রায় বাড়তি মানুষের চাপ সামাল দিতে আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ যুক্ত করছে রেলওয়ে। এজন্য নগরীর পাহাড়তলী কারখানায় ৫০টি কোচ মেরামত করা হয়। এছাড়া চালু করা হচ্ছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। ২৯ এপ্রিল চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের বিশেষ দুটি ট্রেনের একটি চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!