শনিবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের অবৈধ যেসব কাটা রয়েছে সেগুলো সড়ক ও জনপথ অধিদফতরের মাধ্যমে বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ। এতে যেখানে-সেখানে গাড়ি ঘোরানোর সুযোগ নেই। আগে এসব অবৈধ কাটার কারণে যখন-তখন গাড়ি ইউটার্ন নেয়ার সময় যানজট সৃষ্টি হতো, প্রায়ই দুর্ঘটনা ঘটতো।
সাইনবোর্ড মোড় ও শিমরাইল মোড়ে যানজট দূর করতে কয়েকশ গজ দূরে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। ফলে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী গাড়িগুলো সানারপাড় ইউটার্ন হয়ে সাইনবোর্ড দিয়ে প্রবেশ করছে। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বা সিলেটগামী গাড়িগুলো মাতুয়াইল ইউটার্ন নিয়ে যাচ্ছে। এছাড়া কাঁচপুর থেকে মেঘনাঘাট টোল প্লাজা পর্যন্ত গুরুত্বপূর্ণ ইউটার্নগুলো ঠিক রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ইউটার্নে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
.png)
জাহিদুল ইসলাম খান নামে এক যাত্রী জানান, আগে সাইনবোর্ড থেকে চিটাগাংরোড যেতেই প্রায় ৩০ মিনিট সময় লাগতো। এখন মাত্র ৫-৭ মিনিটেই যাওয়া যাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক ওমর ফারুক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট যেন না হয় সেজন্য অবৈধ কাটাগুলো বন্ধ করা হয়েছে। এছাড়া সাইনবোর্ড মোড় ও শিমরাইল মোড়ের দুটি ইউটার্ন বন্ধ করে সানারপাড়-মৌচাকের মাঝামাঝি একটি ইউটার্ন নির্মাণ করা হয়েছে। ফলে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই।