মান্দায় ছিনতাইকারীদের পিটুনিতে আহত অটোরিকশা চালকের মৃত্যু
নওগাঁর মান্দায় ছিনতাইকারীদের পিটুনিতে আহত অটোরিকশা চালক আনারুল ইসলামের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি। মৃত আনারুল ইসলাম উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আতাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ২ সন্তানের জনক আনরুল ইসলাম পেশায় একজন অটোচালক। মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে সতীহাটে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতীহাট থেকে কয়েকজন ছিনতাইকারী চক্রের সদস্য নওগাঁ সদর উপজেলার বটতলী যাওয়ার কথা বলে যাত্রীবেশে তার গাড়ি ভাড়া নেয়।
সেখান থেকে যাবার পথে মৈনম ইউনিয়নের শিয়ালডাঙ্গী মোড়ের অদূরে পৌঁছার আগেই বিষাক্ত দ্রব্য সেবন করিয়ে তাকে মারপিট করে আহতাবস্থায় তার অটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজনকে জানান। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তাকে সেখান থেকে তাদের বাড়ি নিয়ে যান। বাড়িতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।
.png)
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।