প্রবাসে যাওয়ার দিনে খুন হলেন যুবক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহসীন সরকার নামে নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় আরিফ নামে এক যুবক প্রবাস যাওয়ার দিনে মহসীনকে খুন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মহসীন সরকার উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. শহিদুল সরকারের ছেলে। তিনি বিডি ফুডসসহ একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরের রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান।
হত্যাকাণ্ডের ঘটনায় মহসীনের বাবা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সুলতান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত আরিফ খলাপাড়া এলাকার মো. আউয়াল মিয়ার ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শী মো. শফিউল আলম জানান, মহসীন মোটরসাইকেলে করে আখাউড়া থেকে তিনি খলাপাড়া যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর পাঁচ-ছয়জন মিলে মহসীনের ওপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানান, পারিবারিক বিরোধের জের ধরে কিছুদিন আগে মহসীনের বাবাকে অপমানিত করেন আরিফ। সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এরই জের ধরে আরিফ পরিকল্পিতভাবে এ হামলা চালান। ঘটনার দিন রাতে আরিফের প্রবাস যাওয়ার কথা ছিল।
জরুরি বিভাগের দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার রায় জানান, মহসীনের বুকের বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রধান আসামি মহসীনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে মামলার তিন নম্বর আসামি সুলতানকে গ্রেফতার করা হয়েছে।