ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ১২ মে ২০২২
মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ, আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় জেলার গোয়েন্দা পুলিশের এক এসআইসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় গোয়েন্দা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি গ্রেফতার হওয়ায় আসামিকে ছিনিয়েও নেয়া হয়।

বুধবার বিকেলে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য-পেয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে আহত করার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

আহত পুলিশ সদস্যরা হলেন, জেলার গোয়েন্দা পুলিশের এসআই শরীফ আব্দুল রশীদ, এএসআই শফিউল বাশার ও মো. সজীব (এএসআই)। 

Advertisement

ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, পেয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুর খান, মধ্য-পেয়ারপুর গ্রামের বারেক কাজীর ছেলে রাহাদ কাজী, একই গ্রামের আব্দুল হক খালাসীর ছেলে রফিকুল ইসলাম ও গফুর কাজীর ছেলে আক্কাস কাজী।

গোয়েন্দা পুলিশ ও স্থানীয়রা জানায়, পেয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুর খানের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে ইয়াবার একটি বড় চালান রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ওই এলাকার আলকেজ হাওলাদারের দুই ছেলে বিটু হাওলাদার ও ইব্রাহীম হাওলাদার। এমন সংবাদের ভিত্তিতে জেলার গোয়ান্দা পুলিশের এসআই শরীফ আব্দুল রশীদের নেতৃত্বে একটি দল সবুর খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইব্রাহীম হাওলাদারকে মাদকসহ আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন 

পরে ইউপি সদস্য ভুয়া পুলিশ আখ্যা দিয়ে হামলা চালিয়ে আটক হওয়া মাদক ব্যবসায়ী ইব্রাহীমকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশ সদস্যদের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে এসআই আব্দুর রশীদসহ তিনজন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ইউপি সদস্য সবুর খানসহ চারজনকে আটক করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল-মামুন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্যসহ চারজন আটক করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!