মারামারি থামাতে গিয়ে নিজেই মারা গেলেন
চুয়াডাঙ্গার জীবননগরে মারামারি থামাতে গিয়ে দুলাল হোসেন দুলু নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল একই গ্রামের ফ্যানা মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন নতুনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোংলা, কলম উদ্দীনের ছেলে বাদশাহ ও রাজা। এ সময় পাশের চায়ের দোকানে বসে চা পান করছিলেন দুলাল। একপর্যায়ে তিনি মারামারি থামাতে যান। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
.png)
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন বলেন, দুই মাস আগে স্ট্রোক করেছিলেন দুলাল। ওই সময় তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তিও ছিলেন। মঙ্গলবার মারামারি থামাতে গিয়ে উচ্চস্বরে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।