ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৬ রোহিঙ্গা আটক, আইস-ইয়াবা উদ্ধার

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৯ মে ২০২২
টেকনাফে ৬ রোহিঙ্গা আটক, আইস-ইয়াবা উদ্ধার
আটককৃত ৬ রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ভারত থেকে পালিয়ে আসা তিনজনসহ ৬ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ১.৬ কেজি আইস ও ৬৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের শহিদুল ইসলাম, এ-ব্লকের মোহাম্মদ আলী, লেদা ক্যাম্পের এফ-ব্লকের আবুল ফয়েজ, ভারত থেকে পালিয়ে আসা তৈয়বা খাতুন এবং তার দুই ছেলে নুর সালাম ও ছলিমুল্লাহ। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন সময় এই ছয়জনকে আটক করা হয়েছে।

২ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, দমদমিয়ার আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। ঐ সময় এক ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের ভেতর দিয়ে আসতে দেখে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ কোটি ৩০ লাখ টাকার ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি নিজেকে রোহিঙ্গা দাবি করে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৭৫টি ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানোর সময় ২৮০টি ইয়াবাসহ আরেক রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, তৈয়বা খাতুন দুই ছেলেসহ ভারত থেকে পালিয়ে এসে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে রফিকের কাছে আশ্রয় নেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএন। পরে তিনজনকে ক্যাম্প-ইন-চার্জের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!