চৌগাছায় সাড়ে ১৪ কেজি সোনার বারসহ একজন আটক
যশোরের চৌগাছায় ১২৪টি সোনার বারসহ শাহ আলম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সোনার বারের ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম।
আটককৃত শাহ আলম ঐ উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। শুক্রবার সকালে সীমান্তবর্তী কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে তাকে আটক করেন বিজিবির শাহাজাদপুর ক্যাম্পের সদস্যরা।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে একটি সোনা চোরাকারবারী গ্রুপের ওপর নজরদারি করা হচ্ছিল। এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমকে কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে আটক করেছেন। ঐ সময় তার কোমরে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় ১২৪টি সোনার বার উদ্ধার করা হয়।
.png)

তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বারের ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম। যার বাজার মূল্য ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী আরো জানান, শাহ আলম কৃষক সেজে সোনার বারগুলো শ্মশান ঘাটে রাখতে গিয়েছিল। ওখান থেকে অন্য একটি গ্রুপের বারগুলো সীমান্তের ওপারে পাচার করার কথা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। শাহ আলম এর আগে আরো ৬ বার সোনা পাচার করেছে বলে স্বীকার করেছে। তাকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।