শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ২০
খুলনার ডুমুরিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, ব্যবসায়ীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এছাড়া কাঁঠালতলা বাজারে ৩টি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভদ্রা নদীর তীরে একটি জমি নিয়ে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাপস বসাকের সঙ্গে মাঠ কমিটির সদস্য ও কাঁঠালতলা বাজার ব্যবসায়ী শংকর নাথের পূর্বশত্রুতা ছিল। শনিবার এ নিয়ে বিবাদের জেরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শংকর নাথকে ধরে স্কুলের ভেতরে এনে মারধর করে।
ঘটনাটি জানতে পেরে শংকর নাথকে উদ্ধার করে নিয়ে যান স্কুলের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক। এদিকে বাজার কমিটির লোকজন মারধরের খবর পেয়ে স্কুলে উপস্থিত হয়। শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ী আজাহারুল ইসলাম প্রধান শিক্ষকের কক্ষের মধ্যেই তাকে লাঞ্ছিত করেন। জামার কলার ধরে তাকে কক্ষের বাইরে আনার চেষ্টা করেন। এতে শিক্ষক-ছাত্ররা উত্তেজিত হয়ে ব্যবসায়ীদের ধাওয়া করে। তারা লাঠিসোটা নিয়ে বাজারের কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে। এ সময় ব্যবসায়ীরাও জড়ো হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়।
.png)
সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, পথচারীসহ ২০ জন আহত হন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, বড় ধরনের কোন ঘটনা নয়। হাতাহাতি ও সামান্য মারামারি হয়েছে। কোনোন পক্ষ আমাদের কাছে অভিযোগ দিতে আসেনি।