ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৮

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ১৬ মে ২০২২
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৮
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে সরকারি বিদ্যালয়ের শিক্ষকসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের তরমুগরিয়া এলাকার ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধর, ইটেরপুল এলাকার আরিফ ফকিরের ছেলে নয়ন ফকির, আমিরাবাদ এলাকার বাবুল তালুকদারের ছেলে রাকিব তালুকদার, লতিফ সরদারের ছেলে আশিক সরদার, হাজিরহাওলা এলাকার ইয়াকুব হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার। বাকিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজ রোড এলাকার হাসান মাদবরের সঙ্গে আমিরাবাদ এলাকার রাকিব তালুকদারের সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে হাসান বন্ধুদের সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তরমুগরিয়া এলাকার ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে হাসান ও রাকিবদের গ্রুপ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Advertisement

সংঘর্ষে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধরসহ আহত হন অন্তত ৮ জন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরে জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে নেয়া হবে আইনি ব্যবস্থা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!