কিশোর গ্যাং সদস্যদের কাণ্ড, দুইজনকে কুপিয়ে ছয় লাখ টাকা লুট
ফরিদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠানের দুইজনকে কুপিয়ে ছয় লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধুলদি রেলগেট বাজারে এ ঘটনা ঘটে।
আহত মো. করিম নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, বেলা ১০টার দিকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা দলবেঁধে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ক্যাশ বাক্সের চাবি না দেওয়ায় ম্যানেজার মো. রুবেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। এ সময় ভাই করিম বাধা দিলে তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। পরে হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে ছয় লাখ টাকা নিয়ে যায়।
.png)
খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই জসিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জাহিদুল ইসলাম বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না। এ গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।