জেলার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় রয়েছে ‘ভাই ভাই দইঘর’। দীর্ঘদিন ধরে এখানে মানহীন দই উৎপাদন হচ্ছিল। এছাড়া একই এলাকার ‘মেসার্স পলক অটো মুড়ি মিল’-এ উৎপাদন হচ্ছিল মুড়ি। অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মুড়ি উৎপাদন করায় এ দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
সোমবার দিনভর অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিক খান। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও একই কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান।
.png)
বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, জামাদারপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে দই উৎপাদন ও বিক্রি করছিল ‘ভাই ভাই দইঘর’। একই এলাকায় ‘মেসার্স পলক অটো মুড়ি মিল’ উৎপাদন করছিল মুড়ি। এ দুই প্রতিষ্ঠানেরই বিএসটিআইয়ের গুণগতমানের সনদ ছিল না। এছাড়া প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করা হচ্ছিল। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।