ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিবন্ধন না থাকায় ৩ হাসপাতালকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৭ মে ২০২২
নিবন্ধন না থাকায় ৩ হাসপাতালকে জরিমানা
তিন হাসপাতালকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে নিবন্ধন না থাকায় তিনটি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তায় অভিযান শেষে এ আদেশ দেন ইউএনও মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস।

ইউএনও মো. তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক শ্রীপুর উপজেলার হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মাওনা পপুলার মেডিকেল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস বলেন, বুধবার স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিত্রে শুক্রবার শ্রীপুর উপজেলার মাওনা পপুলার মেডিকেল সেন্টার, আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এ সময় মাওনা পপুলার মেডিকেল সেন্টার, আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হয়। এছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টার মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে হাসপাতাল কার্যক্রম চালাচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, পপুলার মেডিকেল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা ও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, উপজেলার প্রত্যেকটি হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। যেসব হাসপাতাল সরকারি নির্দেশনা মেনে চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সরকার নির্ধারিত মূল্য নেয়া হচ্ছে কি না তারও খোঁজ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!