অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন বলেন, র্যাবের খোয়া যাওয়া দুটি অস্ত্রের মধ্যে একটি আগেই উদ্ধার করা হয়েছিল। পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দূর করার লক্ষ্যে শনিবার দুপুরে শান্তি সম্মেলন করে বারইয়ারহাট পৌরসভা। সেখানে অপর অস্ত্রটি উদ্ধারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। এরপর ওই রাতেই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে জানান- পৌর সদরের পাঁচ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে অস্ত্রটি রাখা আছে। খবর পেয়ে সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে দেওয়া চিরকুটে ওই ব্যক্তি জানান- র্যাবের ওপর হামলার সময় অস্ত্রটি পেলে ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জমা দিতে পারেননি।
২৫ মে সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযানে যায় র্যাবের একটি দল। ওই সময় ‘ডাকাত, ডাকাত’ বলে গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে দুই র্যাব সদস্যসহ তিনজন গুরতর আহত হন।
.png)
হামলার সময় র্যাব সদস্যদের দুটি অস্ত্রও খোয়া যায়। ঘটনার পরদিন রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে র্যাব। তবে অপর অস্ত্রটি পাওয়া যাচ্ছিল না। এটি উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের ওপর হামলার এ ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন ১৩ জন।