বিয়ের দাবিতে সহপাঠীর বাড়িতে কলেজছাত্রীর অনশন
বরিশাল সদর উপজেলায় সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে।
সদর উপজেলার ২ নম্বর কাশীপুর ইউপির কলশ গ্রামে এ ঘটনা ঘটেছে।
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। যে ছেলেকে বিয়ের দাবি জানিয়েছে, তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কলশ গ্রামের বাসিন্দা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈমের বাসায় গিয়ে অবস্থান নেন তারই এক ক্লাসমেট। ওই ছাত্রীর বাড়ি পটুয়াখালী।
ছাত্রীর দাবি, নাঈমের সঙ্গে তার প্রায় এক বছরের প্রেমের সর্ম্পক। কিন্তু কিছুদিন ধরে নাঈম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছে। নাঈম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেই আশ্বাসে এসেছি।
নাঈম বলেন, ক্লাসমেট হিসেবে তার সঙ্গে ভালো সর্ম্পক। কিন্তু তার সঙ্গে আমার কোনো প্রেমের সর্ম্পক নেই। সে আমার জাস্ট ফ্রেন্ড। কিন্ত কেন সে এই কাজটি করলো বুঝতে পারছি না। পুরো ঘটনা নিয়ে পরিবারসহ বিপাকে পড়েছি।