শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের জামিরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর হাসন্দি গ্রামের মশিউর রহমানের ছেলে।
জানা যায়, বাড়ি থেকে সাইকেল নিয়ে আবু তাহের উত্তর হামছাদী ইউপির কালি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায় এবং বাইসাইকেল আরোহী আবু তাহেরসহ পিকআপের আট শ্রমিক আহত হন।
.png)
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে হৃদয় হোসেন, অলি উল্যাহ ও সুজন মিয়া এ তিনজনের নাম জানা গেলেও বাকীদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অলি উল্যাহসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।