ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিডিও কলে বন্ধুকে আগুন দেখাতে গিয়ে ঠাঁই হলো মর্গে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ৫ জুন ২০২২
ভিডিও কলে বন্ধুকে আগুন দেখাতে গিয়ে ঠাঁই হলো মর্গে
আকাশের আহাজারি

কর্মঘণ্টা শেষ হয় বিকেল ৪টায়। কিন্তু আগুন দেখতে রয়ে যান কর্মস্থলে। বন্ধুকে আগুনে ভয়াবহতা দেখাতে দেন ভিডিও কল। আর এতেই জীবনের শেষঘণ্টা বেজে যায় আফজালের। এভাবেই বন্ধু আফজালের জন্য আহাজারি করে ঘটনার বর্ণনা করছিলেন আকাশ।

তিনি বলেন, রাত আনুমানিক ১০টার দিকে আফজাল আমাকে ইমোতে ফোন দিয়ে বলে- দেখ, আগুন জ্বলছে। সেসময় প্রায় ১০ মিনিট কথা হয় তার সঙ্গে। একপর্যায়ে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকে আফজালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকবার ফোন করেও তাকে আর পাইনি। রোববার সকালে অনেক খোঁজাখুঁজির পর পরনের জামা দেখে তাকে শনাক্ত করা হয়।

আফজালের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। প্রায় দুই বছর ধরে বিএম কনটেইনার ডিপোতে ওয়েল্ডিংয়ের কাজ করে আসছিলেন তিনি।

Advertisement

আফজালের ভাই মোহাম্মদ সজল বলেন, শনিবার রাত থেকে কয়েকবার ফোন করেও আফজালকে পাচ্ছিলাম না। পরে কয়েক জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে তার লাশ পাই।

তিনি বলেন, এভাবে ভাইকে হারাবো কখনো ভাবিনি। আগুনে পুড়ে যাওয়ায় তার চেহারা চেনা যাচ্ছে না। পরনের জামা দেখে শনাক্ত করা হয়েছে।

এদিকে, রোববার সকাল থেকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে শতাধিক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কারো মাথায় আঘাত, কারো দুই হাতই ঝলসে গেছে। তাদের আর্তনাদ ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বার্ন ইউনিট।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!