দেড় ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরে একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুতের ঘটনায় দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
জয়দেবপুর জংশন এলাকায় রোববার দুপুর ২টার দিকে ট্রেনের পেছনের চারটি বগি আলাদা রেখে বাকি অংশ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বগিগুলো লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, লাইনচ্যুত চারটি বগি রেখে ইঞ্জিন সরিয়ে নেয়ায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার কাজ করবে। এটি করতে সন্ধ্যা নাগাদ সময় লাগবে।
.png)
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার দুপুরে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় পৌঁছালে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুই দিকের কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় জয়দেবপুর-শিববাড়ি সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।