বিস্ফোরণস্থল পরিদর্শনে সিআইডি দল
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিআইডি চট্টগ্রামের এসপি শাহ নেওয়াজ খালেদের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায়।
এর আগে সকালে ডিপো ঘুরে দেখা গেছে, ডিপোর প্রধান ফটক বন্ধ করে চলছে কনটেইনার অপসারণের কাজ। এ সময় আগুনের উপস্থিতি দেখা না গেলেও ধংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এখন কনটেইনার সরানোর কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর সব জায়গায় তল্লাশি চালিয়েও আর কোনো লাশ পাওয়া যায়নি। নতুন করে কনটেইনারের মধ্যে লাশ পেলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
.png)
শনিবার রাত ৮টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি কনটেইনারে থাকা রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৪ জনের। এছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক।