নিহত নওশাদ আলী শেরপুর পৌর শহরের নয়াপাড়ার গোরস্তান এলাকার বাসিন্দা। তিনি শেরপুর শহরের একটি পেট্রল পাম্পে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। গতকাল মঙ্গলবার রাতে দায়িত্ব পালনের পর সকালে বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহত ব্যক্তির স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার রাতে নওশাদ আলী পাহারা দেওয়ার জন্য শেরপুর শহরের ওই পেট্রল পাম্পে যান। কাজ শেষে সকাল ৬টায় তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পৌর শহরের উপজেলা পরিষদের সামনে অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন।
.png)
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ঢাকাগামী একটি গাড়ি নওশাদ আলীকে মহাসড়কের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর সকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।