গরুর ঘাস কাটতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে কৃষকের মৃত্যু
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামের পার্শ্ববর্তী এলাকায় বন্যার পানিতে ভাসতে দেখে ওই কৃষকের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মৃত আমিনুল মুন্সি রামজীবনপুর গ্রামের হাজি কালাচান মিয়ার ছেলে।
সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
চেয়ারম্যান জানান, আমিনুল মুন্সির বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় তিনি পরিবারসহ গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। রোববার সকালে খাদ্যসংকটে থাকা গবাদিপশুর জন্য ঘাস কাটতে বের হন তিনি। ঘাস কাটতে যাওয়ার পথে সাঁতার না জানা আমিনুল মুন্সি বন্যার পানিতে তলিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে তার লাশ ভেসে উঠতে দেখে উদ্ধার করেন।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, বিষয়টি শুনেছি। আমি এর খোঁজখবর নেব।
গত শুক্রবার বিকেল ৪টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের বন্যাকবলিত এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ হন দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আক্কাস আলী নামে এক যুবক। পরদিন শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই যুবকের লাশ উদ্ধার করে।