ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র স্রোতে পাটুরিয়ায় আটকা ৯ শতাধিক যান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২৪ জুন ২০২২
তীব্র স্রোতে পাটুরিয়ায় আটকা ৯ শতাধিক যান
পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি- ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ছোট গাড়ি, বাস ও ট্রাক মিলে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক যানবাহন।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ভোর থেকেই বাস ও ছোট গাড়ির সংখ্যা বাড়তে থাকে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ফেরিঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস এবং জরুরি পণ্যবাহী যানবাহন পার করছে। এ নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন এসব তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, কয়েকদিন ধরে পানি বাড়ায় পদ্মায় প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এ কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আর ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এছাড়া সাপ্তাহিক ছুটি থাকায় সকাল থেকেই ঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। ঘাট এলাকায় ১৫০টির বেশি ব্যক্তিগত গাড়ি, ২৩০টি বাস ও ৫ শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও চালকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার চালিয়ে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!