পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের পাতাড়িপাড়ার শহীদুলের সঙ্গে একই জেলার পলাশবাড়ীর বরকতপুর গ্রামের আনোয়ারার বিয়ে হয় ২০ বছর আগে। দুই সন্তান জন্ম নেয়ার পর আনোয়ারাকে রেখে অন্যত্র থাকতে শুরু করেন জুয়ায় অভ্যস্ত শহীদুল।
এ সময় গাজীপুরের দক্ষিণ ছয়দানায় সোলায়মান পাটোয়ারীর বাড়িতে দুই সন্তান নিয়ে ওঠেন আনোয়ারা। চাকরি করতেন একটি পোশাক কারখানায়। জুয়াড়ি শহীদুল প্রায়ই ওই বাসায় এসে স্ত্রীর কাছে টাকা চাইতেন।
.png)
শনিবার সন্ধ্যায়ও টাকার জন্য স্ত্রীর কাছে আসেন শহীদুল। এ সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শহীদুল ১২ বছরের ছেলে শরীফকে জোর করে নিয়ে যেতে চান। তাতে বাধা দেন আনোয়ারা। এ সময় তাকে ছুরিকাঘাত করেন শহীদুল। এতে ঘটনাস্থলেই আনোয়ারার মৃত্যু হয়।
গাজীপুরের গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহত আনোয়ারার শরীরজুড়েই আঘাতের চিহ্ন রয়েছে। হাত, হাতের তালু, কনুই, হাঁটু, গাল, কবজি, বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ১৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আল আমীন শেখ রোববার একটি হত্যা মামলা দায়ের করেছেন।