বনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বগুড়ায় শিক্ষার্থী আল জামিউল বনি হত্যা মামলার প্রধান আসামি আরিফ শেখকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার দিবাগত রাতে রাজশাহী সদরের সাগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে এ তথ্য জানান বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আরিফ বগুড়ার লতিফপুর কলোনি এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে।
র্যাব জানায়, গত ৩ জুন সন্ধ্যায় বান্ধবীকে সঙ্গে নিয়ে লতিফপুর কলোনি বাজারের একটি কাবাবের দোকানে যায় বনি। ঐ সময় আরিফ বনির বান্ধবীকে উত্ত্যক্ত করে। বনি এর প্রতিবাদ করায় তার ওপর ক্ষিপ্ত হয় আরিফ। এতে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আরিফ ছুরি দিয়ে বনির মাথায় আঘাত করে। স্থানীয়রা বনিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
র্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর আরিফ গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আরিফের বিরুদ্ধে অস্ত্র, মাদক, জমি দখলসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আরিফ বনিকে হত্যার কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে সহায়তা করেছে তার সহযোগীরা। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।