স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলে দেড় লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন।
দণ্ডিত ৩৫ বছর বয়সী মো. সুজন মিয়া টাঙ্গাইল পৌর শহরের আদি টাঙ্গাইল এলাকার আব্দুস সালামের ছেলে।
.png)
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, প্রায় ১৪ বছর আগে সুজনের সঙ্গে পৌরসভার আদি টাঙ্গাইল দাসপাড়ার শিউলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দেড় লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় শিউলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন সুজন।
২০১৪ সালের ১৭ জুন বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে যৌতুকের টাকার জন্য শিউলীকে মারধর করেন সুজন। পরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৮ জুন শিউলী মারা যান। পরে একই দিন টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন নিহতের ভাই শিবলু। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।