ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৮ জুলাই ২০২২
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩
প্রতীকী ছবি

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।

শুক্রবার ভোর রাতে দুটি ও সকালে একটি দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার ভোর সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়াগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

Advertisement

অপরদিকে, ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূইয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ছয়জন। নিহত আনিসের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামে।

এছাড়া মামার মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শ্রাবন্তি নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আলম জানান, মামা ফয়েজ ইকবালের সঙ্গে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তি লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!