ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের ছুটিতে মেতেছে মহামায়া

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ১৩ জুলাই ২০২২
ঈদের ছুটিতে মেতেছে মহামায়া
ছবি : সংগৃহীত

ঈদের চতুর্থ দিন বুধবার (১৩ জুলাই) পর্যটকদের পদচারণায় মুখর ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত মহামায়া। ঈদের ছুটিতে দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসছেন বিভিন্ন বয়সের, নানা পেশার মানুষ।

বুধবার সকাল থেকে আনাগোনা কিছুটা কম থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই ঢল নামে পর্যটকদের। গেটের বাইরে পার্কিংয়ে গাড়ি রেখে সবাই ছোটেন ১১ বর্গ কিলোমিটার আয়তনের লেকের স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে নিতে।

লেকে গিয়ে কেউ ইঞ্জিনচালিত নৌকায় পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ করেন। কেউ নিজেই কায়াকিং করেন। উত্তপ্ত গরমে শরীরের একটু প্রশান্তির জন্য লেকের পানিতে গোসল করেন অনেকে। আবার কেউ গাছের নিচে একটু ছায়াতলে বসে খোশ-গল্পে মেতে ওঠেন।

আবার অনেকে শখের বসে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নৌকায় লেকের ভেতরে চলে যাচ্ছেন। রাতে সেখানে থাকবেন। মাছ ধরে ফিরবেন একদিন পর। আবার কেউ মাছ ধরে ফিরে যাচ্ছেন।

ফেনী জেলার সোনাগাজি মুছাপুর এলাকা থেকে বাসে একসঙ্গে ৩৫ জন ঘুরতে এসেছেন। তারা সবাই পরিবহন শ্রমিক। তাদের একজন বলেন, সারা বছরতো ব্যস্ত থাকি। এবার ঈদে সবাই মিলে একটু ঘুরতে আসলাম। আমরা সবাই লেকের পানিতে গোসল করেছি। খুব ভালো লাগছে।

ইঞ্জিনচালিত নৌকার চালক নুরুল হুদা জানান, ঈদের দিন বিকেল থেকে পর্যটক আসা শুরু হয়েছে। দ্বিতীয় দিন একটু বেশি মানুষ এসেছে। তবে আমরা যে পরিমাণ পর্যটক আশা করেছি, এবার ওইরকম হয়নি। নৌকায় করে ঝরনা পর্যন্ত ঘুরে আসা একজন ১০০ টাকা। অনেকে আবার রিজার্ভও নিয়ে যাচ্ছে। আর কায়াকিং নিচ্ছে ১ জন ২০০ টাকা করে।

টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা মো. আলা উদ্দিন বলেন, বুধবার সকাল থেকে পর্যটক কম ছিলো। গরমের কারণে হয়তো অনেকে আসেনি। তবে দুপুরের পর থেকে অনেক পর্যটক এসেছে। আমরা প্রতি টিকিট ২০ টাকা করে বিক্রি করছি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: মিরসরাই
লিংক সফলভাবে কপি হয়েছে!