বিকট শব্দ, গিয়ে দেখি বহুতল ভবনের নিচে নারীর দেহ
রাজবাড়ী শহরের বাজারে বহুতল ভবনে নিচ থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
১৫ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে লাকির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে। লাকি সাবেক জেলা পরিষদ সদস্য মো. রাশিদুল হক অমির স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা ওই ভবনের কাছেই দাঁড়িয়েছিলেন। সে সময় তারা বিকট শব্দ শুনে গিয়ে দেখেন একজন মহিলা রাস্তায় পড়ে আছেন।
নিহতের মামা শ্বশুর লিয়াকত আলী চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত নিচে গিয়ে দেখি লাকি পড়ে আছে। তাকে প্রথম সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। লাকি এ রকম একটি কাজ করবে, তা আমরা ভাবতেও পারি না।
নিহত লাকীর মা ইসমত আরা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিকভাবে ১০ বছর আগে লাকীর সঙ্গে অমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই অমি নেশা ও অন্য নারীর প্রতি আসক্ত হয়ে লাকীকে নির্যাতন করতেন। এ নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশও হয়।
নিহতের মেয়ে আফরিন জান্নাতুল হক (৮) বলেন, ময়লা পরিষ্কার করা নিয়ে বাবা-মায়ের ঝগড়া হতো। যখন আম্মু বাইরে থেকে আসেন আব্বু বারবারই তাকে পা ধুতে বলছিলেন। আম্মু পা ধোয়ার পরেও আবার পা ধুতে বলেন। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আব্বু বাথরুমে গেলে আম্মু স্যান্ডেল আনতে যাচ্ছি বলে বাইরে যান। এর কিছুক্ষণ পরই শুনি আম্মু ৬ তলা থেকে লাফ দিয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু হোসেন বলেন, গত ১৫ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একজন রোগী আসেন। তিনি বহুতল ভবন থেকে পড়ে গেছেন বলে জানতে পেরেছি। তবে তার শরীরে কোনো বাহ্যিক আঘাত দেখা যায়নি এবং কোনো রক্তপাতও হয়নি। পরে আমরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।
পুলিশ জানায়, পরিবারের সঙ্গে কথা বলে মনে হয়েছে পারিবারিক কোনো কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে এ বিষয়ে জানতে লাকির স্বামী রাশিদুল হক অমির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।