ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার, বাইক-অটোরিকশা উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১৮ জুলাই ২০২২
শরীয়তপুরে চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার, বাইক-অটোরিকশা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরে আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই ছয়টি বাইক ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জের কোড়ালতলী গ্রামের মৃত সিকিম আলী ব্যাপারীর ছেলে আব্বাস ব্যাপারী, সখিপুর থানার আনু সরদার কান্দি গ্রামের মজিদ খাঁর ছেলে দুলাল খাঁ, নড়িয়ার পোড়াগাছা গ্রামের গোলাম মাওলা মাদবরের ছেলে স্বপন মাদবর, সদর উপজেলার বিনোদপুর কাজীকান্দি মৃত আইনুদ্দিন তালুকদারের ছেলে দবির তালুকদার ও পটুয়াখালীর দশমীনা থানার সানকিপুর হাওলাদার বাড়ী গ্রামের সালাম চৌকিদারের ছেলে খায়রুল চৌকিদার।

Advertisement

পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে চক্রটি শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে বাইক ও অটোরিকশা
চুরি করে এনে বিক্রি করে আসছিল। তবে চোরাই বাইক চক্রের মূল হোতা আব্বাস ব্যাপারী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ও ডাকাতি-চরিসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়া দুলাল, স্বপন ও খায়রুলের বিরুদ্ধে মাদক ও চুরির ছয়টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান ও নড়িয়া থানার ওসি মাহবুব আলম প্রমুখ। 

নড়িয়া মডেল থানার এসআই হায়দার জানান, ৪ জুলাই নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারীর বাড়ি থেকে তার বাইক চুরি হয়। এ ঘটনায় ওই দিনই তিনি নড়িয়া থানায় একটি মামলা করেন। মামলার পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর শহরের ফাতেমা মেডিকেল সেন্টারের কাছ থেকে ওই চোরাই বাইকটি উদ্ধার করা হয়। এছাড়া সম্প্রতি নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামের সাবেক আইজিপি শহীদুল হক স্যারের বাড়ি থেকে দুইটি বাইক চুরি হয়। 

গত কয়েকদিনে পুলিশের একটি দল জেলার পালং, ভেদরগঞ্জ ও নড়িয়া এলাকা থেকে ছয়টি বাইক ও একটি অটোরিকশাসহ চোরচক্রের পাঁচজনকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!