তবে বৃদ্ধের পরিচয় পাওয়া গেলেও ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতরা হলেন, রায়পুরার পলাশতলী ইউনিয়নের ভগিরতপুর গ্রামের ৮০ বছরের বৃদ্ধ আবদুল করিম ও ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় বৃদ্ধ আবদুল করিম নামাজ শেষে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে যায়।
.png)
এর আগে দুপুরে রায়পুরার মেথিকান্দা-শ্রীনিধিতে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। বিকেলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। আমরা একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। অপর নারীর পরিচয় শনাক্তে কাজ করছি।