ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের বাড়িতে অনশন করায় প্রেমিকাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১৯ জুলাই ২০২২
প্রেমিকের বাড়িতে অনশন করায় প্রেমিকাকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করায় প্রেমিকাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউপির হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের প্রেমিক মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউপির হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে বাইশটেকি গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  

Advertisement

সোমবার ভোরে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন প্রেমিকা। এ সময় মনিরের বাড়ির লোকজন তাকে একাধিকবার মারধর করে বাড়ির বাইরে বের করে দিলেও ওই নারী অনড় অবস্থানে থাকেন। পরে দুপুরে মনির, তার ভাই গোলজার, খোকন, ছেলে রানা ও মনিরের স্ত্রীসহ ৭-৮ জনের একটি দল তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। প্রেমিকার অবস্থার অবনতি হলে তারাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রোকসানা নামের এক নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।  

নিহতের মা শাফিয়া বেগম বলেন, রোকসানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আমার মেয়েকে নির্যাতন ও মারধর করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দিয়েছি।

তালতলা ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক রাজু আহম্মেদ জানান, স্বামী পরিত্যক্তা রোকসানার সঙ্গে মনির হোসেনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে তারা একাধিকবার উভয়ের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। বিষয়টি উভয়ের পরিবারসহ এলাকার লোকজনের জানাজানি হয়। দুপুরে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় রোকসানা। এ সময় মনিরের বাড়ির লোকজন তাকে বাড়ি থেকে একাধিকবার টেনে বের করে দেয়। পরে মনিরের স্ত্রীসহ ৭ থেকে ৮ জন মিলে লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে জড়িতরা পালিয়ে যায় তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!