ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির জন্য আড়ম্বরপূর্ণ পরিবেশে ব্যাঙের বিয়ে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২৩ জুলাই ২০২২
বৃষ্টির জন্য আড়ম্বরপূর্ণ পরিবেশে ব্যাঙের বিয়ে
ব্যাঙের বিয়ে- ছবি: ডেইলি বাংলাদেশ

ক্যালেন্ডারের পাতা বলছে আষাঢ় মাস শেষ হয়ে পার হতে চলল শ্রাবণের প্রথম সপ্তাহ। তারপরও দেখা নেই বৃষ্টির। এমন অবস্থায় বৃষ্টির আশায় গ্রাম-বাংলার প্রাচীন রীতি পালন করে নওগাঁ জেলার নিয়ামতপুরে আড়ম্বরপূর্ণ পরিবেশে দেওয়া হয় ব্যাঙের বিয়ে।

শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রং মেখে নেচে-গেয়ে চলে বিয়ের অনুষ্ঠান। নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অভিনবভাবে এ ব্যাঙের বিয়ের আয়োজন করেন। বর-কনে ব্যাঙের বিয়ে পড়ান স্থানীয় পুরোহিত শ্রী বৈশাখ পাহান।

আয়োজকরা জানান, বলা হয়ে থাকে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। আর সেকারণেই গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অভিনবভাবে এই বিয়ের ব্যবস্থা গ্রহণ করেন। ক্যালেন্ডারের পাতা বলছে আষাঢ় মাস শেষ হয়ে পার হতে চলল শ্রাবণের প্রথম সপ্তাহ। কিন্তু রোপা আমন ধান চাষ করার মতো পর্যাপ্ত পানি জমিতে নেই। অনাবৃষ্টির কারণে কৃত্রিমভাবে জমিতে পানি দিয়ে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। যে জমিতে চারা রোপণ করা হয়েছে, সে গুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে এ বিয়ের আয়োজন করা হয়।

Advertisement

পুরোহিত বৈশাখ পাহান বলেন, অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে প্রথমে শিশুরা এই ব্যাঙের বিয়ের উদ্যোগ গ্রহণ করলেও তা পরে উৎসবে রূপ নেয়। এতে বড়রাও যোগ দেন। আমাদের বিশ্বাস এই ব্যাঙের বিয়ের মধ্য দিয়ে অনাবৃষ্টি ও খরা কেটে যাবে।

এ বিষয়ে প্রতিমা (ব্যাঙ বরের মা) বলেন, অনেক বছর ধরে দেখে আসছি অনাবৃষ্টি হলেই এই গ্রামের সবাই মিলে ব্যাঙের বিয়ের আয়োজন করেন। অনেক সময় বৃষ্টিও হয়েছে। তাই মানুষের কাছে এক প্রকার বিশ্বাস হয়ে গেছে ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হবে। সেই আশাতেই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/জেএইচ
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!