ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়ের তলায় পিষে ৯ মাসের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৮ জুলাই ২০২২
পায়ের তলায় পিষে ৯ মাসের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড 
জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জ: ফাইল ফটো

সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ মাসের কন্যাশিশুকে পায়ের তলায় পিষে হত্যার দায়ে বদিউজ্জামান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ বছরের কারাদণ্ড এবং আরো ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। 

Advertisement

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ওয়াজ করণী লকেট ও পেশকার মো. বাদশা বিষয়টি নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি বদিউজ্জামান আদালতে হাজির ছিলেন।

জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় তার স্ত্রী সুমাইয়া নামে আরো একটি কন্যা সন্তান জন্ম দেন। সুমাইয়ার জন্মের পর থেকেই বাবা বদিউজ্জামান অসন্তুষ্ট ছিল। তিনি তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরই একপর্যায়ে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত শিশুকে নিয়ে পায়ের তলায় পিষে হত্যা করেন বদিউজ্জামান। এরপর শিশুটিকে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান তিনি।  

এ ঘটনায় শিশুটির মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘদিন পরে আসামি বদিউজ্জামান গ্রেফতার হন। তারপর শুনানি শুরু হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় দেন। রায় ঘোষণার পর বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!