ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ২৯ জুলাই ২০২২
ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়
ছবি : ডেইলি বাংলাদেশ

সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি পর্যটকের আগমন ঘটেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। দীর্ঘতম ১৮ কিলোমিটার সৈকতের বালিয়ারীতে শুক্রবার বিকেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের সমাগম ঘটেছে। 

আগন্তুকরা বলছেন, স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ পিপাসুদের কুয়াকাটায় আগমনে যেন হাত তালি দিয়ে ডাকছে। আগ বাড়িয়ে অনেকেই বাঙালির গৌরবের পদ্মাসেতু নিজ চোখে দেখতে না পারলেও কুয়াকাটায় ভ্রমণ উপলক্ষে এখন স্বপ্নের পদ্মাসেতু দেখার সৌভাগ্য হচ্ছে তাদের। এমনকি অনেকেই পদ্মাসেতু দেখার লক্ষ্য নিয়ে ভ্রমণে বের হলেও যাত্রা পথে কোনো ভোগান্তি না থাকায় অল্প সময়ে কুয়াকাটায় এসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে যাচ্ছেন। 

এতে করে একই সঙ্গে দর্শনীয় স্থানগুলো অল্প সময়ে ঘুরে যাচ্ছেন পর্যটকরা। ঢাকার বৌ-বাজার থেকে ঘুরতে আসা সুমা-লিমন দম্পতি বলেন, দীর্ঘ দিনের ইচ্ছে ছিল তাদের কুয়াকাটায় ভ্রমণে আসার। কিন্তু যাত্রা পথে প্রায় দুদিনের জার্নি করে পরিবারের খুদে সদস্যদের নিয়ে আসা সম্ভব হয়নি। এখন পদ্মাসেতু চালু হওয়ায়  স্বাভাবিকভাবে পরিবার নিয়ে আসতে পেরেছি। 

দিনাজপুর থেকে আসা পর্যটক মিরাজ হোসেন বলেন, টেলিভিশনে পদ্মাসেতু দেখেছি। তবে নিজ চোখে দেখার খুবই আগ্রহ ছিল। বন্ধুরা মিলে ছুটির দিনে পদ্মাসেতু দেখতে বের হয়েছি। একই সঙ্গে মাত্র ৪ ঘণ্টায় কুয়াকাটায় এসেছি। একবারে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা হয়েছে খুবই ভালো লাগছে এখন। 

এদিকে কুয়াকাটার ইলিশ পার্ক, কৈদ্য বিহার, শুঁটকি পল্লী,গঙ্গামতি, ঝাউবনসহ কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোতে বাড়তি পর্যটকের আগমন লক্ষ্য করা গেছে। 

অনেকে প্রিয়জনদের নিয়ে সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের মোহনীয় গর্জনের সঙ্গে আছড়ে পড়া ঢেউ উপভোগ করতে দেখা গেছে। এছাড়া সন্ধ্যার পর কাকড়া ও ফিস ফ্রাইয়ের দোকানগুলোতেও বাড়তি পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে মাঠে কাজ করছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, সাপ্তাহিক ছুটিতে বাড়তি পর্যটকের আগমনকে ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি আমারা গ্রহণ করেছি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কুয়াকাটা
লিংক সফলভাবে কপি হয়েছে!