ষাটগম্বুজ মসজিদ অসাধারণ ইসলামি স্থাপত্য: তুরস্কের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে বলেছেন, ১৫ শতকের অসাধারণ নিদর্শন এই মসজিদ। মসজিদটি একটি অসাধারণ ইসলামি স্থাপত্য। ষাটগম্বুজ মসজিদ বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।
রোববার দুপুরে তুরস্কের রাষ্ট্রদূত হেলিকপ্টারযোগে বাগেরহাটে এসে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার ছেলে মেহমাদ আল্ফ তুরান ও আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ছিলেন।
রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, ষাটগম্বুজ মসজিদ মুসলিমদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান। ষাটগম্বুজসহ ঐ সময়কার বাগেরহাটের অন্যান্য স্থাপনা দেখলে বোঝা যায়, সাড়ে ৬০০ বছর আগেও বাংলাদেশে মুসলিমদের বসবাস ছিল এবং তারা মানবকল্যাণে কাজ করেছেন।
.png)
এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে বাগেরহাট স্টেডিয়ামে পৌঁছালে তুরস্কের রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ। পরে রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানসহ তার সফরসঙ্গীরা ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখেন।
ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে তুরস্কের রাষ্ট্রদূত হেলিকপ্টারযোগে বাগেরহাট থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।