প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত
নওগাঁর মহাদেবপুরে মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কের ভিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. শিমুল হোসেন এবং তার স্ত্রী জিনিয়া খাতুন।
স্থানীয়রা জানান, উপজেলার ভীমপুরে গত কয়েক মাস থেকে একটি আধুনিক সাইলো নির্মাণের কাজ চলছে। সেখানে ১৫ একর জমিতে প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটির ভরাটের কাজ করা হচ্ছে। আজও মাটি ভরাটের কাজ করা হচ্ছিল। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মাটি বহনের ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়।
.png)
নিহত শিমুলের চাচাতো ভাই আসাদুল বলেন, তারা রাজশাহীতে ব্যবসা করতেন। সকালে তারা কী কাজে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল তা জানা নেই। তবে ভাবী অন্তঃসত্ত্বা ছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুনি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ওসি গোলাম আজম বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধারে কাজ করা হচ্ছে।