প্রতিবেশীর টানা ধর্ষণে নারীর সন্তান প্রসব, আদালতে মামলা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঐ ঘটনায় এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভুক্তভোগী নারী।
এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ।
জানা যায়, উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘরদাইর গ্রামের ঐ নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে ঐ নারীর সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী মকবুল মিয়া। একপর্যায়ে তারা গভীর প্রেমে জড়িয়ে পড়েন। গত বছরের সেপ্টেম্বর থেকে মকবুল মিয়া তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন।
.png)
পরে মকবুল মিয়া ঐ নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। চলতি বছরের ২৪ এপ্রিল ঐ নারী বাদী হয়ে মকবুলকে একমাত্র আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজ বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম দেন ঐ নারী।
এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান, ভুক্তভোগী ঐ নারী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটির পুলিশি তদন্ত প্রতিবেদন এবং মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। তবে এখন যেহেতু ঐ নারী বাচ্চা প্রসব করেছেন সেহেতু ডিএনএ টেস্ট করাতে হবে। সব প্রক্রিয়া শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।