ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইল কারাগারের হাজতির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৬ আগস্ট ২০২২
টাঙ্গাইল কারাগারের হাজতির মৃত্যু
টাঙ্গাইল জেলা কারাগার-ফাইল ফটো

টাঙ্গাইল জেলা কারাগারে ওয়াসিম মল্লিক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে ওয়াসিম অসুস্থ হয়ে পরলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

মৃত ওয়াসিম মল্লিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাসপাইকাল গ্রামেরমৃত সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন। দুপুরে জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা কারাগার সুত্রে জানা গেছে, মৃত ওয়াসিম মল্লিক ২০২১ সালের ২১ জুলাই তার সৎ ভাইয়ের দায়েরকৃত মারপিটের মামলায় অসুস্থ অবস্থায় কারাগারে আসেন। কারাভোগকালীন অবস্থায় কারা হাসাপাতাল, জেনারেল হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা করানো হয়। 

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে জেনারেল হাসপাতালে মৃত্যুর তদন্ত করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক জানান, মৃত হাজতি ওয়সিমের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, হাজতি ওয়াসিম কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিলেন। এর আগে ১৭ জুলাই তিনি লিভারজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ১০ অক্টোবর চিকিৎসা শেষে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয় ওয়াসিমকে। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজতি ওয়াসিম অসুস্থ হয়ে পড়লে তাকে ওয়ার্ড থেকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীনবস্থায় অচেতন হয়ে পড়লে কারা সার্জনের পরামর্শে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানে হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃত হাজতির সুরতহাল রিপোর্ট তৈরিসহ ময়নাতদন্ত কার্য সম্পাদনের জন্য ও একটি অপমৃত্যুর মামলা করার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!