ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ২৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১৭ আগস্ট ২০২২
বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ২৬ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ে জেলা প্রশাসনের অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘রাত ৮টার পর দোকান, শো-রুম এবং মার্কেট খোলা রাখা এবং আলোকসজ্জা করায় মঙ্গলবার রাতে ২৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে নগরীর পতেঙ্গা থানা কাটগড় বাজার এবং এর সংলগ্ন এলাকার রুবেল স্টোর, বিসমিল্লাহ ক্রোকারিজ, বাগদাদ হোটেল, আরএস সুপার শপ, জুবাইর এন্টারপ্রাইজ, ওয়ালটন শো রুমসহ সাতটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অন্যদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে পৃথক অভিযানে জামাল খান রোড, চকবাজার, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, জিইসি এলাকায় দোকান খোলা রাখা এবং অতিমাত্রায় আলোকসজ্জা করার অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন কিছু দোকানের মালিক ও ম্যানেজারকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিষয়ে অবগত ও সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!