লক্ষ্মীপুরে পুকুরে ডুবে নিথর হলো ২ শিশু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর সদর ইউনিয়নের শায়েস্তানগর গ্রাম এবং সোনাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- উপজেলার শায়েস্তানগর গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে ফারিয়া আক্তার ও মহাদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে রিজু আক্তার।
মৃত ফারিয়ার বাবা ইব্রাহিম জানান, সকাল ৭টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল ফারিয়া। এ সময় পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে ফারিয়া বাড়ির পাশের পুকুরে হাত-পা পরিষ্কার করতে যেয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রিজু আক্তারের মা নেহার বেগম জানান, সকাল ১০টার দিকে তিনি ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু রিজু। একপর্যায়ে ঘরে ও উঠানে রিজুকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, দুই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে আলাদা দুইটি অপমৃত্যুর মামলা করা হবে।