জরুরি সেবায় ফোন করে ডাকাত থেকে রক্ষা পেলেন ১৪ শিক্ষার্থী
কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে ডাকাতের কবল পড়েছিলেন ১৪ জন শিক্ষার্থী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রক্ষা পান তারা।
চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ এনামুল হক জানান, গত রাত ১২টার দিকে হাওর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে কিশোরগঞ্জ পৌঁছে দেওয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ১৪ জন শিক্ষার্থী হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। তারা করিমগঞ্জের বালিখলা থেকে ট্রলার ভাড়া করে মিঠামইনে নেমে অলওয়েদার সড়কে ঘুরছিলেন। সন্ধ্যার পর ফেরার পথে প্রচণ্ড বাতাসে হাসনপুর সেতুর সন্নিকটে তাদের ট্রলার আটকে যায়। এ সময় ডাকাত দল তাদের ঘিরে ফেলার চেষ্টা করে। শিক্ষার্থীদের একজন এ সময় ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চায়। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।
.png)
এএসআই মোহাম্মদ এনামুল হক বলেন, শিক্ষার্থীদের একটি দল হাওরে আটকে থাকার সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক চারজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। ট্রলারে মোট ১৪ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ১২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুইজন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী।