সোমবার (২২ আগস্ট) রাত ৯টায় মাসদাইর বেকারির মোড় থেকে গুদারাঘাট পর্যন্ত এ তাণ্ডব চালায় তারা। এ সময় দুই গ্রুপের শতাধিক কিশোর গ্যাং সদস্যরা হামলা ও ভাঙচুরে অংশ নেয়।
জানা যায়, হামলায় গুদারাঘাট, প্রাইমারি স্কুল, বড়ুইবাগের দিকে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি, দোকান, ফার্মেসি ভাঙচুর চালায় হামলাকারীরা। প্রায় ৩০ মিনিট ধরে চালানো হয় তাণ্ডব। এ সময় হামলাকারিদের হাতে নানা ধরনের দেশীয় অস্ত্র দেখা গেছে বলে জানায় স্থানীয়রা। এলাকায় ভয়ভীতি সৃষ্টি ও ত্রাস কায়েম করতে এবং কিশোর গ্যাংয়ের প্রতি ভীতি সৃষ্টি করতেই এ তাণ্ডব চালানো হয়। এরা সবাই উঠতি বয়সী এবং বখাটে বলে জানা গেছে।
.png)
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ দেখে হামলাকারিদের শনাক্ত করে তাদের ধরতে অভিযান শুরু করেছে। এরমধ্যে একাধিক কিশোর গ্যাং সদস্যের নাম নিশ্চিত হয়েছে পুলিশ। এলাকায় একাধিক সিসিটিভি ফুটেজে তাদের ছবি দেখে পুলিশ তাদের শনাক্ত করে। বাকিদের শনাক্ত করতে পুলিশ স্থানীয়দের সহায়তা নিচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। অনেককে শনাক্ত করা হয়েছে। বাকি হামলাকারিদের শনাক্ত করা হচ্ছে। প্রত্যেককে খুঁজে বের করা হবে।
জেলা এসপি গোলাম মোস্তফা রাসেল বলেন, খবর নিয়ে দেখছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।