মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর এলাকায় একটি বাড়ির ছাদ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ যুবককে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন- নারায়ণপুর এলাকার পাটোয়ারী বাড়ীর আবদুল হকের ছেলে মহি উদ্দিন, মোস্তফার ছেলে নুরুল ইসলাম জিয়া, ছনুয়া ইউনিয়নের দক্ষিণ ছনুয়া এলাকার রুহুল আমিনের ছেলে ওসমান গনি, একই এলাকার আবু তাহেরের ছেলে হুমায়ুন কবীর মিন্টু, ইব্রাহিমের ছেলে ইয়াছিন, কসবা এলাকার নুরুল হুদার ছেলে শাখাওয়াত হোসেন, সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের আবদুল হকের ছেলে সফিকুল ইসলাম সবুজ।
.png)
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, একটি দেশীয় একটি পাইপগান, একটি কার্তুজ, দুটি ছোরা, তিনটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফিরোজ বাদী হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, একই বছরের ২১ মে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ১৮ আগস্ট অভিযোগ গঠনের পর বিচার কাজ শুরু হয়। এ মামলায় ১০ জনের সাক্ষ্য নেয়া হয়। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ দুটি ধারায় প্রত্যেককে ১৫ বছর ও ৭ বছর সশ্রম কারাদণ্ড দেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন সৈয়দ আবুল হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহম্মদ হাজারী জানান, পাঁচজনের উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়। অপর দুই আসামি পলাতক রয়েছে। গ্রেফতারের দিন থেকে তাদের রায় কার্যকর হবে।