ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবীর নেতৃত্বে বিকাশ-নগদ প্রতারণা, অবশেষে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২৫ আগস্ট ২০২২
আইনজীবীর নেতৃত্বে বিকাশ-নগদ প্রতারণা, অবশেষে গ্রেফতার
গ্রেফতারকৃত তুষার কান্তি সরকার

বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পেছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। রাজবাড়ীতে আইনজীবী তুষার কান্তি সরকারের নেতৃত্বে একটি চক্র বিভিন্ন মানুষের নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। অবশেষে এ চক্রের হোতা তুষারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আইনজীবী তুষার কান্তি সরকার রাজবাড়ী শহরের বড়পুল এলাকার নিরাপদ সরকারের ছেলে ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী।

Advertisement

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান,  ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দেখা যায়, তুষার কান্তির নেতৃত্বে মো. কাউসার মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মো. তানভীর, সোহাগসহ চক্রটির অন্যান্য সদস্য বিভিন্ন জনকে কল করে নিজেদের বিকাশের কর্মী পরিচয় দিয়ে তাদের অ্যাকাউন্ট আপডেট, অ্যাকাউন্টের নামে জিডি ও নতুন করে সচল করার কথা বলে ওটিপি সংগ্রহের মাধ্যমে হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তাদের অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করে তারা। 

তিনি আরো বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যেসব অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তাদের সঙ্গে বহুবার কথা হয়েছে তাদের ফোন থেকে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তুষার খুবই চতুরতার সঙ্গে বিভিন্ন এজেন্টের সঙ্গে কথা বলে এসব অ্যাকাউন্টের সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

তিনি পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শাহনেওয়াজ রাজু, ডি আই ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!