ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২৭ আগস্ট ২০২২
রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্য আটক
অস্ত্র-ইয়াবাসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার ইয়াবা, একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। তাদের মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি তিনজন বাংলাদেশের নাগরিক।

শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।

Advertisement

তিনি জানান, ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে উখিয়ার জামতলী ক্যাম্পের বাইরে অবস্থান নেয় র‍্যাব। এ সময় ক্যাম্পে প্রবেশের সময় এক লাখ পিস ইয়াবাসহ ইলিয়াছকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক বালুখালী কাকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয় সব ইয়াবা এবং অস্ত্র সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ। মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবার চালান বাংলাদেশে পাঠায় এই গ্রুপ। আটককৃত রাজ্জাক মাঝি ইয়াবা সেক্টরের প্রধান। নবী হোসেনকে আটক করতে র‍্যাব তৎপর রয়েছে।

জানা গেছে, ইয়াবা ও অস্ত্র কারবার নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন। মিয়ানমার ও বাংলাদেশে তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে। কয়েক মাস আগে তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!