রোববার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর সদর-বাগাতিপাড়া সীমান্তবর্তী বাগাতিপাড়া বিলের পাশ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহিদ বাগাতিপাড়া উপজেলার কাকফো এলাকার রাশেদুল ইসলাম রাশুর ছেলে। সাধুপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল তার।
স্বজনরা জানান, উপজেলার দয়ারামপুরের কাঠালবাড়ি ডালিপট্টির নানার বাড়ি থাকতো জাহিদ। পরিচিত একজনকে রক্ত দেওয়ার কথা বলে শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। সকালে বাগাতিপাড়া বিল এলাকায় লাশ দেখে স্বজনদের খবর দেন পথচারীরা। এরপর তারা এসে লাশ শনাক্ত করেন।
.png)
জাহিদের বোন রাশেদা খাতুন বলেন, ‘তিন বছর আগে স্কুলের পাশে একটি বাড়ির মেয়ের সঙ্গে আমার ভাইয়ের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ ওই মেয়েকে বোরকা, থ্রি-পিস, এমনকি একটি ছাগলও কিনে দিয়েছে। মেয়ের মা বিষয়টা জানেন। তিনি জাহিদকে উৎসাহ দিতেন এই বলে যে, ‘যা কিছু করো আর দাও সব তোমাদেরই থাকবে’। সম্প্রতি তিনি মেয়ের নামে মাসিক ৫০০ টাকার একটি ডিপিএস করে দিতে বলেন জাহিদকে। কিন্তু নিজের আয় না থাকায় ওই টাকা দিতে পারবে না বলে জানায় আমার ভাই। এ নিয়ে তাদের সঙ্গে মনোমালিন্য চলছিল। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা আমার ভাইকে হত্যা করিয়েছে।’
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জাহিদের নাক-মুখ রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।